হাওজা নিউজ এজেন্সি: মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন—
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ.
নিশ্চয়ই আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে, কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না; চোখ আছে, কিন্তু তা দিয়ে দেখে না; কান আছে, কিন্তু তা দিয়ে শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো; বরং তাদের চেয়েও অধিক পথভ্রষ্ট। তারাই প্রকৃত উদাসীন। [সুরা আল-আরাফ, আয়াত ১৭৯]
মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি জাহান্নাম?
পবিত্র কোরআনের এ আয়াতে বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করার কথা বলা হয়েছে। অথচ অন্য একটি আয়াতে মহান আল্লাহ স্পষ্টভাবে জানিয়েছেন, জিন ও মানুষকে সৃষ্টি করা হয়েছে তাঁর ইবাদতের জন্য। ইরশাদ হয়েছে—
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ.
আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। [সুরা আয-যারিয়াত, আয়াত ৫৬]
তাহলে এ দুটি আয়াতের মধ্যে সমন্বয় কীভাবে সম্ভব?
উত্তর: মানুষের সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত ও আনুগত্যের মাধ্যমে আত্মিক পূর্ণতা অর্জন এবং তাঁর নৈকট্য লাভ করা। কিন্তু অবাধ্যতা, সীমালঙ্ঘন, কুফর ও একগুঁয়েমির কারণে বহু মানুষ নিজেরাই এমন পরিণতির দিকে এগিয়ে যায়, যার শেষ ঠিকানা জাহান্নাম। এ অর্থেই বলা হয়েছে, তাদের জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ জাহান্নাম সৃষ্টির মূল উদ্দেশ্য তারা নয়; বরং তাদের কর্মের পরিণতি।
বিষয়টি বোঝাতে একজন কাঠমিস্ত্রির উদাহরণ দেওয়া যেতে পারে। তিনি যখন কাঠ সংগ্রহ করেন, তখন কিছু কাঠ সুন্দর দরজা ও আসবাব তৈরির জন্য রাখেন, আর কিছু কাঠ আগুন জ্বালানোর কাজে ব্যবহারের জন্য আলাদা করেন। যেসব কাঠ মজবুত, মসৃণ ও ভালো অবস্থায় থাকে, সেগুলো দিয়ে তিনি আসবাব তৈরি করেন। অন্যদিকে, যেসব কাঠ বাঁকা, দুর্বল, ভাঙাচোরা ও ব্যবহারের অনুপযোগী, সেগুলো আগুন জ্বালানোর জন্য রেখে দেন।
এখানে কাঠমিস্ত্রির দুটি উদ্দেশ্য রয়েছে—একটি মূল উদ্দেশ্য, অন্যটি আনুষঙ্গিক। তাঁর প্রধান উদ্দেশ্য সুন্দর দরজা, আসবাব ও প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা। কিন্তু কোনো কাঠ সে কাজে ব্যবহারযোগ্য না হলে সেটিকে আগুন জ্বালানোর জন্য রেখে দেওয়া হয়। এটি তাঁর মূল উদ্দেশ্য নয়; বরং আনুষঙ্গিক উদ্দেশ্য।
তবে এ উদাহরণের সঙ্গে মানুষের একটি মৌলিক পার্থক্য রয়েছে। কাঠের ভালো বা মন্দ হওয়ার বিষয়টি তার নিজস্ব ইচ্ছার ওপর নির্ভর করে না। কিন্তু মানুষের ভালো বা মন্দ পরিণতি নির্ভর করে তার নিজের কর্ম ও পছন্দের ওপর। মানুষ নিজেই তার ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখে।
যারা নিজেদের মানবিক পরিচয় ও গুণাবলি হারিয়ে ফেলে, তাদের পরিণতি জাহান্নাম ছাড়া আর কিছু নয়। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন—
أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ إِنْ هُمْ إِلَّا كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا.
তুমি কি মনে করো, তাদের অধিকাংশই শোনে অথবা বোঝে? তারা তো চতুষ্পদ জন্তুর মতো; বরং তারা আরও বেশি পথভ্রষ্ট! [সুরা আল-ফুরকান, আয়াত ৪৪]
জাহান্নামের অধিবাসীরাও নিজেদের পরিণতির কারণ স্বীকার করে বলবে, তারা যদি আল্লাহর নির্দেশনা শুনত এবং তা নিয়ে চিন্তাভাবনা করত, তাহলে জাহান্নামিদের অন্তর্ভুক্ত হতো না। পবিত্র কোরআনে তাদের এ স্বীকারোক্তি তুলে ধরে বলা হয়েছে—
قَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ.
তারা বলবে, আমরা যদি শুনতাম অথবা বিবেক-বুদ্ধি দিয়ে চিন্তা করতাম, তাহলে জ্বলন্ত আগুনের অধিবাসীদের অন্তর্ভুক্ত হতাম না। [সুরা আল-মুলক, আয়াত ১০]
মানুষের মর্যাদা ও দায়িত্ব
চোখ, কান ও জিহ্বা থাকার দিক থেকে মানুষ অন্যান্য প্রাণীর মতো হলেও এসব নিয়ামত ব্যবহারের ক্ষেত্রে তার লক্ষ্য ও সক্ষমতা আরও উন্নত হওয়া উচিত। অন্যথায় সে পশুর মতো, এমনকি পশুর চেয়েও অধম হয়ে যেতে পারে।
মানুষের উচিত শুধু দৃশ্যমান জগতের বাহ্যিক বিষয় দেখা নয়, বরং সৃষ্টির অন্তর্নিহিত তাৎপর্য ও আধ্যাত্মিক জগত উপলব্ধি করা। একইভাবে, শুধু বাহ্যিক শব্দ শোনাই যথেষ্ট নয়; বরং অন্তরের ও আত্মিক উপলব্ধির আহ্বানও শুনতে হবে।
শেখ বাহাউদ্দিন আমুলি তাঁর ‘কাশকুল’ গ্রন্থে মানুষের স্বভাব ও সম্ভাবনা সম্পর্কে সুন্দরভাবে বলেছেন— আদমসন্তান এক বিস্ময়কর সৃষ্টি, তার গঠনে রয়েছে ফেরেশতা ও পশুর উপাদান। যদি সে পশুসুলভ প্রবৃত্তির দিকে ঝোঁকে, তবে পশুর চেয়েও অধম হয়ে যায়। আর যদি ফেরেশতাসুলভ গুণাবলির দিকে ধাবিত হয়, তবে তাদের চেয়েও উচ্চ মর্যাদায় পৌঁছে যায়।
মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়ে সৃষ্টি করার তাৎপর্য
ইমাম জাফর সাদিক (আ.)-কে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ কেন তাঁর সব বান্দাকে অনুগত ও একত্ববাদী হিসেবে সৃষ্টি করেননি?
জবাবে তিনি বলেন, এমনটি হলে পুরস্কার ও শাস্তির কোনো অর্থ থাকত না। কারণ, তারা তখন বাধ্য হয়ে আনুগত্য করত; তাদের নিজস্ব কোনো স্বাধীনতা থাকত না।
কিন্তু আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়ে সৃষ্টি করেছেন। পাশাপাশি তাকে বিবেক ও সহজাত প্রবৃত্তি দিয়েছেন। নবী-রাসুলদের শিক্ষা এবং আসমানি কিতাবের মাধ্যমে তার সামনে হেদায়েতের পথও স্পষ্ট করেছেন। আল্লাহ মানুষকে আনুগত্যের নির্দেশ দিয়েছেন এবং অবাধ্যতা থেকে নিষেধ করেছেন, যাতে আনুগত্যশীল ও অবাধ্যদের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়।
আনুগত্য ও অবাধ্যতা—উভয় কাজের সামর্থ্য ও উপকরণ আল্লাহই সৃষ্টি করেছেন। তবে তিনি মানুষকে কোনো কাজের নির্দেশ দেননি কিংবা কোনো কাজ থেকে নিষেধ করেননি, যার বিপরীতটি করার ক্ষমতা মানুষের নেই। অর্থাৎ মানুষকে কোনো কাজে বাধ্য করা হয়নি; বরং তাকে নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে।
সুতরাং, দায়িত্ব গ্রহণ ও তা পালনের সক্ষমতাই অন্যান্য সৃষ্টির তুলনায় মানুষের মর্যাদা ও স্বাতন্ত্র্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
সূত্র: তাফসিরে নূর, তাফসিরে নমুনা ও তাফসিরে ইসনা আশারি।
প্রস্তুতকারক: হাওজা নিউজ এজেন্সির শিক্ষা ও সাংস্কৃতিক বিভাগ।
আপনার কমেন্ট